ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ, ২০৪৫ সালে হতে পারে সপ্তম: বিশেষজ্ঞদের সতর্কতা
ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। ২০৪৫ সালের মধ্যে দেশটি সপ্তম অবস্থানে পৌঁছাতে পারে। সে সময় দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)। রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেরিতে রোগ শনাক্তকরণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রতিরোধযোগ্য জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক অনির্ণীত ডায়াবেটিসে আক্রান্ত। বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মাত্র এক-তৃতীয়াংশের মতো রোগ শনাক্ত হয়েছে। অর্থাৎ, রোগ শনাক্তকরণে বড় ধরনের ঘাটতি রয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে শনাক্ত করা, দ্রুত পরীক্ষা নিশ্চিত করা এবং জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসার আওতায় আনা জরুরি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন, গ্রিন লাইফ মেডিকেল কলেজের অধ্যাপক ও সোসাইটির প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সোসাইটির সভাপতি নির্বাচিত শাহজাদা সেলিম, ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মির্জা শরিফুজ্জামান এবং বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা।
অধ্যাপক ডা. এম সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আট দফা সুপারিশ তুলে ধরেন বিশেষজ্ঞরা। সুপারিশগুলোর মধ্যে রয়েছে—জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং ৫ থেকে ১০ বছর মেয়াদি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা।
এ ছাড়া ৩৫ বছরের বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা, বিএমআই ২৩ বা তার বেশি কিংবা অন্যান্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে স্ক্রিনিং, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ওষুধ, গ্লুকোমিটার ও HbA1c পরীক্ষার সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিশেষজ্ঞরা সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা ও প্রসব-পরবর্তী ফলোআপ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা, স্কুল ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নীতি, এন্ডোক্রাইনোলজিস্টের সরকারি পদ সৃষ্টি, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি গঠন এবং গবেষণা জোরদারের সুপারিশ করা হয়।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা, রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে নিয়মিত ফলোআপ নিশ্চিত করার আহ্বান জানান বিশেষজ্ঞরা।