নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডে অসুস্থ ৮৮ শিক্ষার্থী, পাশে দাঁড়ালেন ড্যাব নেতৃবৃন্দ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩৫
নারায়ণগঞ্জের সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে বর্তমানে ৩৫ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাঁদের পাশে দাঁড়াতে হাসপাতালে যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (১১ নভেম্বর) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, সহ-মানবাধিকার সম্পাদক ডা. আসলামুল রুদ্র এবং সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. মো. শফিকুল আলম সুমন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার, আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদারসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল আহত শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৮৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৫ জন বর্তমানে চিকিৎসাধীন এবং চারজন আইসিইউতে রয়েছেন। অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ড্যাব নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার প্রয়োজনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।