ট্রাম্পের রিসেপশনের ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত রিসেপশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-নির্মিত ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রিসেপশনের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।
সম্প্রতি হোয়াইট হাউস থেকে রিসেপশনে অংশগ্রহণের ছবিটি পাঠানো হয়। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
প্রেস উইং জানায়, প্রকাশিত ছবিটিকে মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত দৃশ্য ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়।
এআই-নির্মিত ছবিকে আসল হিসেবে প্রচারের অভিযোগ
প্রেস উইংয়ের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিকে মিথ্যা দাবি করার পাশাপাশি এআই-নির্মিত ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে।
এ বিষয়ে আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এর ২ অক্টোবর ২০২৬ তারিখের একটি প্রতিবেদনের উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। তাদের ভাষ্য অনুযায়ী, কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথিত ছবিটি যাচাই করে ওই প্রতিবেদনে সেটিকে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রেস উইংয়ের বক্তব্য, যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে এআই-নির্মিত বা সম্পাদিত বলে উল্লেখ করা হয়েছে, সেটিই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।