ইরানের পারমাণবিক কর্মসূচি ত্যাগে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান রাশিয়ার
ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটি বলেছে, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে এবং এ কর্মসূচি বন্ধে তেহরানকে বাধ্য করা যায় না।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন।
উলিয়ানভ বলেন, পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে ইরানকে বাধ্য করা সম্ভব নয়। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার দেশটির রয়েছে। তাঁর অভিযোগ, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং আইএইএ-এর কার্যক্রম সম্পর্কে ভুল ধারণার ভিত্তিতে ইরান ইস্যুতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের বক্তব্যের জবাবে এসব মন্তব্য করেন রুশ প্রতিনিধি। ওয়াল্টজ অভিযোগ করেছেন, ইরান আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে এবং বিশ্বাসযোগ্য বেসামরিক প্রয়োজন ছাড়াই ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। তেহরানের বক্তব্য, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে।
ইরানের দাবি, দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও পরিদর্শন চললেও পারমাণবিক উপাদান সামরিক কাজে সরিয়ে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগ রয়েছে।
আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত
২০২৫ সালের সংঘাতের পর ইরানের পার্লামেন্ট আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিতের জন্য সরকারকে নির্দেশ দিয়ে একটি আইন পাস করে। ওই আইনে ইরানের পারমাণবিক স্থাপনা ও শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আইএইএ-এর পরিদর্শকদের প্রবেশের অনুমতি না দেওয়ার বিধান রাখা হয়।
ইরানের ভাষ্য, আইএইএ-এর একটি প্রস্তাব এবং পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানাতে সংস্থাটির ব্যর্থতার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা এরই মধ্যে জানিয়েছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনার বিষয় নয়।
ইরানের পক্ষে চীনের অবস্থান
ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে চীনও। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই বৃহস্পতিবার বলেন, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ অধিকারকে সম্মান করা উচিত।
একই সঙ্গে ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে বেইজিং।
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও আলোচনার সম্ভাবনা নাকচ করেনি ইরান। তবে তেহরানের অবস্থান, যেকোনো আলোচনায় দেশটির অধিকার ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে।