সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় খালপাড় এলাকায় জনৈক আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইট বিছানো সড়ক থেকে শিমুলকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিমুলের পিতার নাম মোঃ আমির হোসেন। তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার রমনা থানাধীন ৭৬/সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।