Global Header Bottom
সবজির বাজারে আগুন, বেড়েছে মুরগি-ডিমের দাম

সবজির বাজারে আগুন, বেড়েছে মুরগি-ডিমের দাম

সবজির বাজারে আগুন, বেড়েছে মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমলেও বেশির ভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে। এর সঙ্গে বেড়েছে মুরগি ও ডিমের দামও। ফলে স্বল্প আয়ের মানুষের ওপর বাড়ছে বাজারের চাপ।

তবে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের দামে। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত উঠলেও বর্তমানে বাজার ও মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর শান্তিনগর, কারওয়ান বাজার ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির কারণে অনেক সবজিখেত নষ্ট হয়েছে। এতে চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ কমেছে। ফলে বেড়েছে দাম। তবে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় সরবরাহ বাড়ার পাশাপাশি এর দামও কিছুটা কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা এবং ধুন্দল, পটোল, ঝিঙা ও চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখী ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতিটি লাউ ৭০ থেকে ৯০ টাকা এবং জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে। ছোট একটি আঁটি লালশাক বিক্রি হচ্ছে ৩০ টাকা পর্যন্ত।

তুরাগ এলাকার নতুন বাজারে বাজার করতে আসা ফরহাদ হোসেন বলেন, সবজির দাম এত বেড়েছে যে অল্প কয়েক ধরনের সবজি কিনতেই বাজারের বাজেট শেষ হয়ে যাচ্ছে।

ডিমের ডজন ১৫০ টাকা ছাড়িয়েছে

সবজির পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগি এবং ডিমের দামও।

বড় বাজারগুলোতে প্রতি ডজন ডিম ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হলেও পাড়া-মহল্লার দোকানে তা ১৬০ টাকা পর্যন্ত উঠেছে। একই সময়ে সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ৩০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

বিক্রেতারা জানান, কয়েক সপ্তাহ ধরে বাজারে মুরগি ও ডিমের সরবরাহ তুলনামূলক কম। এর মধ্যে বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদাও কিছুটা বেড়েছে। ফলে সরবরাহ ও চাহিদার প্রভাবে দাম বেড়েছে।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় যা কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি।

সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এর দাম ছিল ৩৪০ থেকে ৩৫০ টাকা।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আইনুল হোসেন বলেন, সবজির দাম বেশি হওয়ায় বাজারে ডিম ও মুরগির চাহিদা বেড়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে মুরগির সরবরাহও কমেছে। এসব কারণে দাম বেড়েছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer