Global Header Bottom
মাছের চরম সংকটে চলনবিল : এক বছরের ব্যবধানে শুঁটকি উৎপাদন কমে

মাছের চরম সংকটে চলনবিল : এক বছরের ব্যবধানে শুঁটকি উৎপাদন কমেছে অর্ধেকে

মাছের চরম সংকটে চলনবিল : এক বছরের ব্যবধানে শুঁটকি উৎপাদন কমেছে অর্ধেকে

জলাশয় ভরাট ও প্রাকৃতিক মাছ ও জীব বৈচিত্রের সংকটে বিপর্যস্ত চলনবিলের ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প; কর্মহীন হয়ে পড়েছেন শত শত নারী ও মৌসুমি শ্রমিক।

সিরাজগঞ্জের চলনবিলে দেশীয় মাছের চরম সংকট দেখা দেওয়ায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঐতিহ্যবাহী শুঁটকি উৎপাদন। জলাশয় সংকোচন ও নানা সংকটের কারণে এক বছরের ব্যবধানে এই অঞ্চলে শুঁটকি উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর ফলে বন্ধ হয়ে গেছে অনেক চাতাল, বিপাকে পড়েছেন শত শত শ্রমিক ও ব্যবসায়ীরা।

নাটোর পাবনা ও সিরাজগঞ্জের চলনবিলের জলাভূমিতে একসময় প্রচুর দেশি মাছ পাওয়া গেলেও বর্তমানে সেই চিরচেনা চিত্র পাল্টে গেছে। জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি শুঁটকি পল্লীতে গিয়ে দেখা যায়, অধিকাংশ চাতালই খালি পড়ে আছে। কোথাও সামান্য কিছু পুঁটি মাছ শুকানোর কাজ চললেও চাতালগুলোতে আগের মতো সেই কর্মব্যস্ততা আর নেই।

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ৭০টি মহালে ২৭৫ দশমিক ৮ টন শুঁটকি উৎপাদিত হয়েছিল। কিন্তু পরের অর্থবছর অর্থাৎ ২০২৫-২০২৬ অর্থবছরে একই সংখ্যক মহালের উৎপাদন নেমে এসেছে মাত্র ১৩৫ টনে। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে শুঁটকি উৎপাদন কমেছে ১৪০ দশমিক ৮ টন।

মহিষলুটি এলাকার শুঁটকি চাতালের মালিক আলী আসলাম জানান, গত কয়েক বছরের তুলনায় এবার বিলে আশঙ্কাজনক হারে মাছের পরিমাণ কমেছে। আড়তে মাছ পাওয়া গেলেও দাম অনেক বেশি, যা দিয়ে কিনে শুঁটকি তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মান্নান নগর এলাকার শুঁটকি ব্যবসায়ী কালাম সরকার বলেন, মাছের সংকটে অনেক মহালে উৎপাদন বন্ধ রয়েছে, যার কারণে শত শত শমজীবী মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছেন। মহিষলুটি এলাকার নারী শ্রমিক আলেয়া ও ফাতেমা জানান, প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা কাজ করে তাঁরা মাত্র ২৫০ টাকা মজুরি পান। কিন্তু এবার কাজ কমে যাওয়ায় অনেক নারী শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

উল্লেখ্য, চলনবিলের শোল, বোয়াল, খলসে, টাকি, টেংরা ও চাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে তৈরি শুঁটকি রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বন্যার পানি না থাকাসহ নানা কারণে বিলে মাছের সংকট দেখা দিয়েছে, যার ফলে শুঁটকি উৎপাদনে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে। এই সংকট উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে : সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, জলাশয় ভরাট, অপরিকল্পিত পুকুর খনন, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণ এবং শিল্পায়নের কারণে চলনবিলের মাছের আবসস্থল সংকুচিত হচ্ছে। এছাড়া বাদাই জালের মাধ্যমে মা মাছ নিধনের ফলে মাছের বংশবিস্তার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

Dhaka71/এম নূরে এলাহী

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer