ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর আজ থেকে কার্যকর
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম বুধবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর থাকবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
এর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। সে হিসাবে নতুন সিদ্ধান্তে এই মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।
তবে স্বর্ণের অলঙ্কার কিনতে নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।