আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচক: অর্থমন্ত্রী
নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির অধিকাংশ শর্তেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব কাঠামো চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে আগামী দিনে দুই পক্ষের সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করা হবে। পাশাপাশি বাংলাদেশকে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে একটি ভালো কর্মসূচি নিয়ে এগোনোর আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে। ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সম্মেলনে বিশ্বের ১৯১টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও উন্নয়ন সহযোগীসহ ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।