‘ধ্বংসস্তূপ’ থেকে দেশকে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে: মির্জা ফখরুল
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ‘ধ্বংসস্তূপ’ থেকে দেশকে উদ্ধার করে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করে এগিয়ে নেওয়ার দায়িত্ব বিএনপির ওপর পড়েছে। বিএনপি সেই দায়িত্ব পালনে কাজ করছে। তবে একটি মহল ও একটি রাজনৈতিক দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, অতীতেও দেখা গেছে, বাংলাদেশ যখনই উন্নতি ও অগ্রগতির পথে এগিয়েছে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনে টেনে নেওয়ার চেষ্টা করেছে।
চিকিৎসকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা সমাজের অন্যতম উচ্চশিক্ষিত শ্রেণি। দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে উন্নয়ন, মানুষের মর্যাদা ও সমতার ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের স্লোগান হচ্ছে—সবার আগে বাংলাদেশ।’
এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলডি হল প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরে জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কবুতর ও বেলুন উড়িয়ে চিকিৎসকদের সমাবেশের উদ্বোধন করা হয়।
ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাব মহাসচিব জহিরুল ইসলাম শাকিল।