ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, বারিধারার রোড নম্বর ৯-এর ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন।
এর আগে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।