সিরাজগঞ্জে যানজট নিরসনে নিবন্ধিত সিএনজিতে যুক্ত হলো ‘কিউআর কোড’ স্টিকার
সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে এবং অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশাগুলোকে শৃঙ্খলার আওতায় আনতে রুটভিত্তিক আধুনিক ‘কিউআর কোড’ সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় পৌরসভা কর্তৃক নির্ধারিত নতুন সিএনজি স্ট্যান্ড উদ্বোধনকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম জানান, শহরের প্রধান সড়কগুলোর যানজট নিরসনে এই আধুনিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ‘সিরাজগঞ্জ-নিউ মার্কেট-নলকা হয়ে হাটিকুমরুল’ রুটে চলাচলকারী নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশাগুলোতে এই কিউআর কোড স্টিকার লাগানো হচ্ছে। এই কোড স্ক্যান করলেই গাড়ি ও চালকের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যাবে।
জেলা প্রশাসক আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কিউআর কোড স্টিকার ব্যতীত কোনো সিএনজিচালিত অটোরিকশা সড়কে চলাচল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে নির্ধারিত স্ট্যান্ডের বাইরে যত্রতত্র সড়কে অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ আবু নাঈম এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের সভাপতি আল আমিন চৌধুরী পলাশ, সিনিয়র সহ-সভাপতি আলী জোয়ারদার, কোষাধ্যক্ষ মোঃ আতিকুর জামান খান হাতেম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল আওয়ালসহ মালিক গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ এবং চেইন মাস্টাররা।
জেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা লাঘব হবে এবং যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা।
Dhaka71 /এম নুরে এলাহী