গাইবান্ধায় মোটরসাইকেলের সিটের নিচে মিলল ৩ কেজি গাঁজা
গাইবান্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ সুজন নমিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাত ২টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা পৌরসভার সুখ-শান্তির মোড় এলাকায় এলজিইডি ভবনের সামনে মহাসড়কে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নিয়মিত মাদকসহ অন্যান্য অপরাধ বিষয়ক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় একটি কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মধ্যে সাদা পলিথিনে মোড়ানো দুটি কেজি এবং কালো পলিথিনে মোড়ানো একটি পোটলায় এক কেজি গাঁজা ছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন নমিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব ফুলমতি বালার হাট এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক)/৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৯, তারিখ ১৬ নভেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকদ্রব্য নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।