Global Header Bottom
চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের চাঁদখার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং পচা-বাসি খাবার ধ্বংস করা হয়।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মিথ্যা ডিগ্রি ব্যবহার করে রোগী দেখা ও চিকিৎসাসেবা প্রদানের অপরাধে মাতৃ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে রাম কৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে কে. আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার মোট ২৩ হাজার টাকা অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ। অভিযানের সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং পচা-বাসি খাবার ধ্বংস করা হয়।

এ ছাড়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer