ঢাকায় এক মঞ্চে নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য
রক ও মেটাল সংগীতপ্রেমীদের জন্য সুখবর। ঢাকায় এক মঞ্চে গান শোনাবে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট।
পাঁচ ব্যান্ডের পাশাপাশি একক পরিবেশনায় থাকবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।
কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিফাই ওয়েবসাইটে ৯৯৯ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। আয়োজকদের শর্ত অনুযায়ী, একটি টিকিট দিয়ে ভেন্যুতে একবারই প্রবেশ করা যাবে। একবার বের হয়ে গেলে পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না। এ ছাড়া হাতব্যাগ ছাড়া বড় ব্যাগ বহনেও নিষেধাজ্ঞা রয়েছে। টিকিটের ওয়েবসাইটে অন্যান্য শর্ত উল্লেখ করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। বড় কোনো সমস্যা না হলে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে আয়োজনটি।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে ‘রক অ্যান রিদম’ সিরিজের কনসার্ট আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজটির পঞ্চম আসর, যা ইতোমধ্যে রক ও মেটাল সংগীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।