ঐক্য ও মানবতার বার্তা নিয়ে সিরাজগঞ্জে জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠিত সাধারণ সম্পাদক মামুন বিশ্বাস।
বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের দিনব্যাপী মিলনমেলা ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ রফিকুল ইসলাম মানিক সভাপতি, মামুন বিশ্বাস সাধারণ সম্পাদক এবং শেখ রজব আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার-৩ চায়না বাঁধ এলাকায় জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে এই বর্ণাঢ্য মিলনমেলা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় পর্বে আয়োজিত আলোচনা সভায় নবগঠিত কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মানিক সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন 'সুখ পাখি'র প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগঠনের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, "মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজের নানাবিধ সমস্যা সমাধান সম্ভব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মামুন বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে জেলার সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে 'সুখ পাখি রেড লাভ'-এর সমন্বয়ক রাসেল রহমানসহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার সর্বস্তরের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Dhaka71/এম নূরে এলাহী