সিরাজগঞ্জে পরিবেশকর্মী পলাশের উদ্যোগ: জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল বৃক্ষ উপহার
জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় বৃক্ষের বৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির প্রায় ১০০টি দেশীয় বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষের চারা উপহার দেওয়া হয়েছে। দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী এবং 'পরিবেশ ও প্রকৃতির পাঠশালা'র পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ নিজ উদ্যোগে এই চারাগুলো উপহার দেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে 'পরিবেশ ও প্রকৃতির পাঠশালা'র আয়োজন ও তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খানের 'প্রকৃতি ও ঐতিহ্যের সবুজ প্রাঙ্গণ'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব চারা হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন ধরে নিজ অর্থায়ন ও ব্যক্তিগত প্রচেষ্টায় বিরল প্রজাতির বৃক্ষ সংরক্ষণ, রোপণ, বিনামূল্যে চারা বিতরণ এবং পরিবেশ রক্ষায় অবদান রেখে আসছেন মাহবুবুল ইসলাম পলাশ। জেলা প্রশাসককে উপহার দেওয়া ২০টি প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য হলো— তুন, চন্দুল, টালি, পদউক, ধূপ, উড়িআম, বৈলাম, মোচ, তমাল, মাল্লাম, ঝুমকোবাধি, গজন, বান্দরহোলা, ভেলা, নাগলিঙ্গম, চম্পা, সিভিট, বুদ্ধনারিকেল, বট ও মুসকন্দা।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, স্মার্ট ট্যুরিজমের পরিচালক আসলাম উদ্দিন, মেসার্স একতা ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহ আলম মমিন অলিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ বলেন, "দেশীয় বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষারও এক গুরুদায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পরিবেশসচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে এসব বৃক্ষের সংরক্ষণ ও বিস্তার জোরদার করা সম্ভব।"
তিনি আরও জানান, পরিকল্পিতভাবে দেশীয় বৃক্ষ রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির প্রতি সচেতন করে তোলা গেলে জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে।
আয়োজক সংগঠন 'পরিবেশ ও প্রকৃতির পাঠশালা'র প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে দেশীয় বৃক্ষ সংরক্ষণে আগ্রহ বৃদ্ধি পাবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।