মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
রোববার (৯ আগস্ট) ভোরে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) গ্রামের রতন হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় জাহিদুল ইসলামের কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
পরে উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।