মিরপুর ১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
একপর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।
দুপুর ১২টার দিকে হকারদের মিরপুর আইডিয়াল কলেজের সামনে অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে পুলিশ সদস্যরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলেও জানান তারা।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঘটনাকে কেন্দ্র করে মিরপুর ১০ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।