তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সালাউদ্দিন টুকু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর এলাকার হাউজিং মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর জোর দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বিগত সরকারের সময়ে দেশের বনভূমি ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে, যার ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।"
দেশকে সবুজায়নের লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে আগামী পাঁচ বছরে সারাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। এই বিশাল কর্মসূচি বাস্তবায়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।" এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত বৃক্ষের সঠিক পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেল ও শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত বিভিন্ন বয়সী মানুষের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করেন।