Global Header Bottom
কৃতি শিক্ষার্থীদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে শাহজাদপুরে আনন্দ শোভাযাত্রা

কৃতি শিক্ষার্থীদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে শাহজাদপুরে আনন্দ শোভাযাত্রা

কৃতি শিক্ষার্থীদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে শাহজাদপুরে আনন্দ শোভাযাত্রা

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঘোড়ার গাড়িতে চড়িয়ে আনন্দ শোভাযাত্রা করেছে শাহজাদপুরের আবু তালেব মেমোরিয়াল স্কুল।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে শাহজাদপুর পৌরসভার বাড়াবিল উত্তরপাড়ায় অবস্থিত বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রায় কৃতি শিক্ষার্থীদের ঘোড়ার গাড়িতে বসিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে শাহজাদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা করতালি দিয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী রাহাত হোসেন ও তনিমা আক্তার তাদের সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তাদের সাফল্যের পেছনে শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় আবু তালেব মেমোরিয়াল স্কুল থেকে মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

বিদ্যালয়ের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠাতা পরিচালক তাহছিন নূরী খোকন বলেন, “কম খরচে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা ইতোমধ্যে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি।”

উল্লেখ্য, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে আবু তালেব মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৫১ জন শিক্ষার্থী ও ১৯ জন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer