জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচারের খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সারসহ মোট ১৩ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সার জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।