মেলান্দহে বিএনপি নেতাকর্মী ও সুধীজনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরের মেলান্দহে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুরমুঠ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজনরা।
সোমবার (২৪ আগস্ট) সকালে দুরমুঠ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল, শামছুল হক ও শহীদুল্লাহ।
বক্তারা অভিযোগ করেন, ‘জামালপুর হালচাল’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইউনিয়নের সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে কটূক্তি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি এআই প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেন তারা।
বক্তাদের দাবি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং স্থানীয়দের মধ্যে পারস্পরিক বিরোধ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু এবং তাঁর ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতকে নিয়েও অপপ্রচারের অভিযোগ তোলা হয়।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।