বিএনপি নেতার রোষানলে হামলা মামলা ও নিরাপত্তাহীনতায় ছাত্রদল সভাপতি মারুফ
স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে হামলা, মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন জামালপুরের মেলান্দহ উপজেলার ১ নম্বর দুরমুট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন মারুফ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ছাত্রদল নেতা মারুফের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় আরও বক্তব্য রাখেন, মারুফ এর বাবা ফজলুল হক ও মা ফাতেমা বেগম ।
ছাত্রদল সভাপতি আরিফ হোসেন মারুফ অভিযোগ করে বলেন, ২০১২ সালে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু ও পরে ২০২১ সালে দুরমুট ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় কারাভোগও করতে হয়েছে তাকে। ৫ আগস্টের পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চাল সিন্ডিকেট নিয়ে কথা বলায় ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপি নেতা জিয়াউল হক জিয়া। এর জের ধরে জিয়ার নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর জিয়াউল হক জিয়া তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামি হওয়ার পর থেকে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মারুফ দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ছাত্রদলের সভাপতির পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এ সময় তিনি হামলার সুষ্ঠু তদন্ত, মিথ্যা হয়রানি বন্ধ, নিজের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Dhak71/মেহেদী হাসান