নারীদের স্বপ্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে আনল ইনসেপ্টা
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনাকে আরও সহজ ও সুবিধাজনক করতে ‘মেডোজেন সাবকিউ’ নামে স্বপ্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম জেনেরিক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রিকোয়ালিফায়েড ডিএমপিএ সাব-কিউটেনিয়াস গর্ভনিরোধক ইনজেকশন। বাংলাদেশের প্রথম ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা এ ইনজেকশন নারীরা নিজেরাই প্রয়োগ করতে পারবেন।
Medroxyprogesterone Acetate BP 104 mg/0.65 ml Subcutaneous Injection-এর ব্র্যান্ড নাম মেডোজেন সাবকিউ। এটি প্রতি তিন মাস অন্তর (১২ থেকে ১৪ সপ্তাহ) ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। প্রচলিত মাংসপেশিতে প্রয়োগযোগ্য ডিএমপিএ ইনজেকশনের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম মাত্রায় এটি কার্যকর গর্ভনিরোধক সুরক্ষা দেয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে জন্মনিয়ন্ত্রণের জন্য নারীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঘন ঘন যাওয়ার প্রয়োজন কমবে।
গর্ভনিরোধের পাশাপাশি এ ইনজেকশন এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও ব্যবহার করা যায়। এ ক্ষেত্রেও একই মাত্রায় প্রতি ১২ থেকে ১৪ সপ্তাহ অন্তর একটি ইনজেকশন প্রয়োগের কথা জানানো হয়েছে। তবে ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আনুষ্ঠানিকভাবে মেডোজেন সাবকিউয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওজিএসবির সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক গাইনোকোলজিস্ট অংশ নেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ফিরোজা বেগম বলেন, মেডোজেন সাবকিউ শুধু বাংলাদেশের নারীদের জন্য নয়, বরং বিশ্বের নারীদের জন্যও আশীর্বাদস্বরূপ। এর নিরাপদ কার্যকারিতা ও স্বপ্রয়োগযোগ্য পদ্ধতি জন্মনিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা ব্যয় প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ কমে আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ওষুধটি তৈরির পেছনে রয়েছে দীর্ঘ কারিগরি, প্রযুক্তিগত ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণা। বাংলাদেশসহ বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় এটি একটি মাইলফলক হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম, এফএসএসবির সভাপতি অধ্যাপক রাশিদা বেগম, ওজিএসবির সভাপতি নির্বাচিত অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ও অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের প্রধান অধ্যাপক মুশাররাত সুলতানা সুমী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. মঞ্জুর হোসেন, ওজিএসবির বৈজ্ঞানিক সম্পাদক তাবাসসুম পারভীন এবং এফএসএসবির কোষাধ্যক্ষ অধ্যাপক নুশরাত মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওজিএসবির মহাসচিব ডা. এফ এম আনামুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক আনোয়ারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাকটিভ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমীন আব্বাসী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নুর।