অনলাইন জুয়ার টাকা জোগাতে নানিকে গলা কেটে হত্যা, ১৬ বছরের নাতি গ্রেপ্তার
অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্য নিজের ৬৫ বছর বয়সী নানিকে গলা কেটে হত্যার পরিকল্পনা করে ১৬ বছর বয়সী এক কিশোর। পরিকল্পনা অনুযায়ী, নানির ভাড়া বাসায় ঢুকে হাত-পা ও মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে। এরপর নানির স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের নাতি সিয়াম প্রধানীয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত ছুরি ও লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।
তিনি জানান, অনলাইনে জুয়া খেলায় টাকা হারিয়ে দেনার টাকা পরিশোধ করতে সিয়াম একাই নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সে কৌশলে নানির ভাড়া বাসায় প্রবেশ করে। পরে নানির হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর নিহতের গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, এক জোড়া কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সিয়ামের দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। সে নিজ হাতে ৭ম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে ছুরিটি বের করে দেয়। এ ছাড়া বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহপুর এলাকায় তার নিজ বাড়ির শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর বিকেল ৫টার পর শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গত ১৮ নভেম্বর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্স নামের একটি ভবনের সপ্তম তলার উত্তর-পূর্ব পাশের একটি কক্ষ থেকে লুৎফুন্নাহার (৬৫) নামে এক বৃদ্ধার হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে ২১ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের মাত্র ৪২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার সিয়াম প্রধানীয়া বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহপুর গ্রামের মো. হোসেন প্রধানীয়া ও জান্নাত বেগমের ছেলে। সে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নিহত লুৎফুন্নাহার তার নানি এবং সিয়ামের মা জান্নাত বেগম নিহতের তৃতীয় মেয়ে। গত ১ নভেম্বর ওই ভবনের একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন লুৎফুন্নাহার। তিনি বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত জয়েনাল আবেদিনের স্ত্রী।
একটি অনলাইন জুয়ার আসক্তি, সামান্য টাকার দেনা এবং সেই টাকা জোগাড়ের অপরাধপ্রবণ পরিকল্পনা শেষ পর্যন্ত কেড়ে নিল এক বৃদ্ধার প্রাণ। নানি-নাতির পারিবারিক সম্পর্ককে ছিন্ন করে দেওয়া এ হত্যাকাণ্ড চাঁদপুরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একই সঙ্গে শিশু-কিশোরদের অনলাইন জুয়ার আসক্তি ও এর ভয়াবহ পরিণতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।