Global Header Bottom
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশকে অবরুদ্ধের অভিযোগ, আটক ৩

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশকে অবরুদ্ধের অভিযোগ, আটক ৩

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশকে অবরুদ্ধের অভিযোগ, আটক ৩

সাতক্ষীরার তালা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করে আসছিলেন। তাঁর সহযোগিতায় এর আগে কয়েকজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

এরই জের ধরে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদারসহ কয়েকজন সোহেল শেখের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে লাঠি দিয়ে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে আহত সোহেল শেখকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে তিনি তালা থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযানে গিয়ে পুলিশকে অবরুদ্ধের অভিযোগ

ওই অভিযোগ ও জিডির ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের গ্রেপ্তারে হাজরাকাটি গ্রামে অভিযান চালায় তালা থানা পুলিশের একটি দল।

পুলিশের দাবি, অভিযানের সময় হযরত নামে এক অভিযুক্তকে আটক করা হলে কয়েকজন স্থানীয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

ঘটনায় নূর ইসলাম বিশ্বাস নুরুর নেতৃত্বে মাদক কারবারিরা পুলিশের ওপর চড়াও হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেপ্তারে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর সংঘবদ্ধভাবে চড়াও হওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer