Global Header Bottom
সব মোটরযানের জন্য বিআরটিএর সতর্কবার্তা

জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করা যাবে না: বিআরটিএ

জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করা যাবে না: বিআরটিএ
ছবি: সংগৃহীত

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত এবং অন্যান্য রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অননুমোদিত হর্ন ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৩ আগস্ট) গত ২১ জুলাই জারিকৃত এক বিজ্ঞপ্তির  বরাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় ব্যবহৃত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিআরটিএর ভাষ্য অনুযায়ী, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি এসব হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে মানসিকভাবে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সম্প্রতি বিভিন্ন যানবাহনে যত্রতত্র হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারের কারণে তীব্র শব্দদূষণ ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছে, যা আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।

এ অবস্থায় জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুসুরের হর্ন এবং তীব্র ও বিকট শব্দ সৃষ্টিকারী যেকোনো অননুমোদিত হর্ন বা যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানিয়েছে বিআরটিএ। বিআরটিএ জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer