Global Header Bottom
গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী

গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী

গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা করলে আমলাতন্ত্রের কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তি—কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী এ বিষয়ে শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বই জ্ঞান ও অন্ধকার দূর করার অন্যতম মাধ্যম। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের বিকল্প নেই। বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব ও গবেষণা বই আকারে প্রকাশ করায় পরবর্তী প্রজন্ম সেগুলো পড়েছে, চর্চা করেছে এবং নতুন নতুন আবিষ্কারের পথ তৈরি করেছে।

বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই না পড়লে জ্ঞান অর্জন বাধাগ্রস্ত হয় এবং মানুষের চিন্তার জগত সীমাবদ্ধ হয়ে পড়ে। বইকে তিনি ‘মনের জগতের পাসপোর্ট’ হিসেবে উল্লেখ করেন।

সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত বই প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ, পরিসংখ্যান ও কার্যক্রম বইটিতে সংকলিত হয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর বাস্তবায়ন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্রও এতে তুলে ধরা হয়েছে। সব তথ্য একত্র করে সুসংগঠিতভাবে উপস্থাপন করায় বইটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের চিত্রও বইটিতে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কি না, তা তিনি নিজেই পর্যবেক্ষণ করছেন।

প্রধানমন্ত্রীর প্রশাসনিক ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা আন্তরিকভাবে কাজ করছেন, তাদের উৎসাহিত করছেন এবং জনগণের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনকল্যাণ, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে যেসব উদ্যোগ নিয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, তার বিস্তৃত বিবরণ বইটিতে পাওয়া যাবে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে যারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তথ্য-উপাত্তসহ প্রকাশিত এই বই তাদের প্রচেষ্টার জবাব দিতে সহায়ক হবে। জনগণ বইটির মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্যভিত্তিক ধারণা পাবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer