খুলনায় হাসপাতাল থেকে মাইক্রোবাস চুরি: বাঘারপাড়া ও পাইকগাছা থেকে গ্রেফতার ২, গাড়ি উদ্ধার
খুলনা বিশেষায়িত হাসপাতাল চত্বর থেকে একটি কালো রঙের নোহা মাইক্রোবাস চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে খালিশপুর থানা পুলিশ।
গত ১ নভেম্বর রাতে পরিচালিত বিশেষ অভিযানে প্রথমে পাইকগাছা থেকে মো. আসাদুজ্জামান দুলু (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানার নারিকেলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলামকে (৩৪) আটক করা হয়। গ্রেফতারকৃত রবিউলের দেওয়া তথ্যমতে, বাঘারপাড়ার একটি বাগানের ভেতর থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়। খালিশপুর থানার ওসি মোঃ শাজাহান আহমেদ জানান, অভিযোগের একদিনের মধ্যে প্রযুক্তির সহায়তায় গাড়িটি উদ্ধার সহ প্রধান অভিযুক্ত রবিউল আটক করা হয়। রবিউলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাইক্রোবাস চুরির মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।