বিদেশে পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা।
পিবিআই সূত্রে জানা গেছে, খুলনার লবণচরা থানার আলাউল কবির খাঁ তাঁর ছয় নিকটাত্মীয়কে ভালো বেতনে মালয়েশিয়ায় পাঠানোর জন্য পবিত্র মজুমদার নামে এক ব্যক্তির মাধ্যমে মো. পলাশ আলীর সঙ্গে যোগাযোগ করেন। চুক্তি অনুযায়ী পলাশ আলীর ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১৭ লাখ টাকা দেওয়া হয়।
পরবর্তীতে চাকরিপ্রার্থীদের ঢাকায় এনে মেডিকেল পরীক্ষা করানো হলেও তাদের মালয়েশিয়ায় পাঠানো হয়নি। দীর্ঘদিন ধরে কালক্ষেপণের পর গত ১৫ আগস্ট পলাশ আলী টাকা ফেরত দেওয়া বা তাদের বিদেশে পাঠাতে পারবেন না বলে জানান। এ ঘটনায় লবণচরা থানায় ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়।
পরে মামলাটির তদন্তভার নেয় পিবিআই খুলনা। পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবার নির্দেশনায় এসআই মো. হাবিবুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট রাত ১টা ৪৫ মিনিটে ময়মনসিংহের গোলপুকুরপাড় এলাকা থেকে মামলার আসামি মো. পলাশ আলীকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, গ্রেপ্তারের পর আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে পিবিআই জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।