টাঙ্গাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা।
মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার সাকিবুল হাসান রনি (২৫) ও মো. রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জ জেলার সোনিয়া (৩৮) এবং পিরোজপুর জেলার মোছা. বন্যা আক্তার (২৮)।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। রাত ১০টা ৫ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন চার যাত্রীকে নামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়।
পরে তাদের দেখানো ও বের করে দেওয়া মতে, বাসের লকারে রাখা তিনটি ট্রাভেল লাগেজের ভেতর বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক তথ্যমতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।