Global Header Bottom
শেরপুরে ইউএনও-ভূমি অফিসের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

শেরপুরে ইউএনও-ভূমি অফিসের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

শেরপুরে ইউএনও-ভূমি অফিসের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

বগুড়ার শেরপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটক এবং ঢাকা-বগুড়া মহাসড়কের সড়ক বিভাজকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় লাল ও কালো রঙে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব স্লোগান লেখা দেখা যায়। তবে কারা, কখন এবং কী উদ্দেশ্যে এসব স্লোগান লিখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়কসংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটক এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে।

এ ছাড়া গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়াল, জেলা পরিষদ অডিটোরিয়ামসংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ড, নয়াপাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান ফটক এবং মজিবুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও একই স্লোগান দেখা গেছে।

শুধু সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠান নয়, ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকার সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়কসংলগ্ন বিভিন্ন দেয়ালেও স্লোগানটি লেখা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, প্রাথমিকভাবে বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তবে কারা এসব স্লোগান লিখেছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

উপজেলা প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। থানা-পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer