মেলান্দহে জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট, নয়ানগর একাদশের জয়
জামালপুরের মেলান্দহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ২-০ গোলে চরবানী পাকুরিয়া ইউনিয়ন যুব একাদশকে হারিয়ে জয় পেয়েছে নয়ানগর ইউনিয়ন যুব একাদশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মেলান্দহ উপজেলার মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. জিয়াউল কবীর। এ সময় বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আলহাজ মাওলানা মো. মজিবুর রহমান আজাদী এবং মেলান্দহ উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।