নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২
নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান।
শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলীঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) ও পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।
বিজিবি ও এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরে রাত পৌনে ১২টার দিকে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে সীমান্তের শূন্যরেখার দিকে যেতে দেখে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হলেও অপর তিনজন পালিয়ে যান।
এজাহারে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পলাতক তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) ও বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।
বিজিবির দাবি, আটক ব্যক্তিদের কাছে ভারতে যাওয়ার কোনো বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি। তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
এ ঘটনায় আটক দুজনসহ পলাতক তিনজনের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, পালানোর সময় মাটিতে পড়ে নাজমুল হোসেন বাম পায়ের গোড়ালির ওপর সামান্য আঘাত পান। পরে তাঁকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।