জামালপুরে উইজডম ল্যাব. স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে জামালপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জামালপুর শহরের সরদারপাড়ায় উইজডম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল আউয়াল এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিউন নূর, উইজডম শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল কবীর ও উইজডম সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন,শিক্ষার্থীদের মাদকমুক্ত থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে।পাশাপাশি পরিবার, সমাজ ও দেশ গঠনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।