কুমিল্লার সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাদককারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় তাদের আটক করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান আহমেদ ও কনস্টেবল রোহিত মারমা। সম্প্রতি ব্রাহ্মণপাড়া থানায় যোগ দেন কনস্টেবল রোহিত।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, রাতে মাদক উদ্ধারের অভিযানে ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর চেষ্টা করেন। তাদের ধাওয়া করতে গিয়ে রাস্তা চিনতে না পেরে কনস্টেবল রোহিত ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করেন।
পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করা হয়। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।
ওসি আরও জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।
এ বিষয়ে শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।